দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য কামারুল আরেফিন এবং কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৮ আগস্ট) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কামারুল আরেফিনের দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৮০১ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৮ কোটি ৯ লাখ ১ হাজার ৪৮৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা করেছে দুদক।
অন্যদিকে, সেলিম আলতাফ জর্জের দাখিল করা সম্পদ বিবরণীতে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে। পাশাপাশি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১ লাখ ৬৪ হাজার ৩ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের তথ্য এবং দুদকের মাঠপর্যায়ের অনুসন্ধানে পাওয়া তথ্য পর্যালোচনা করে কামারুল আরেফিন ও সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।
তবে মামলাগুলোতে আনা অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক দুই সংসদ সদস্যের বক্তব্য জানা যায়নি।
এমএস/